সাকিব ফেরায় টাইগাররা বাড়তি সুবিধা পাবে: হাথুরুসিংহে



সাকিব আল হাসানের ফেরাটা বাংলাদেশ দলের জন্য সুসংবাদ হলেও, দুশ্চিন্তায় শ্রীলংকা ক্রিকেট দল। বিশ্বসেরা এই অলরাউন্ডারের ফেরার খবরে সবচেয়ে বেশি উদ্বিগ্ন শ্রীলংকান কোচ হাথুরুসিংহে।  সাকিবের ফেরা নিয়ে বাংলাদেশ দলের সাবেক এই কোচ বলেন, ‘সাকিব একজন দারুণ ক্রিকেটার। সে ফিরবে সেটা মাথায় রেখেই আমরা পরিকল্পনা করছি। তবে আমার বিশ্বাস তার ফেরাটা বাংলাদেশ দলের জন্য বাড়তি সুযোগ। তারা একজন বাড়তি ব্যাটসম্যান এবং বোলার খেলাতে পারবে। আমরা তার চার ওভার বোলিং এবং ব্যাটিং সামলানোর পরিকল্পনা করছি।’  সিরিজের আগের ম্যাচগুলোতে সাকিবের ঘাটতি হারে হারে টের পেয়েছে বাংলাদেশ দল। আর সেই সুবিধা কাজে লাগিয়েছে প্রতিপক্ষ দল। আর এ জন্যই সাকিবের ফেরা নিয়ে উদ্বিগ্ন প্রতিপক্ষ।

দলের সঙ্গে যোগ দিতে ইতিমধ্যে শ্রীলংকা পৌঁছেছেন সাকিব আল হাসান। আজ শুক্রবার লংকানদের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে তার খেলার দারুণ সম্ভাবনাও রয়েছে। আর খেললে তিনিই অধিনায়ক হিসেবেই খেলবেন।  জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ে কনিষ্ঠ আঙুলে চোট পান সাকিব। সেই চোটের কারণে জাতীয় দলের বাইরে চলে যেতে হয় দেশসেরা এই অলরাউন্ডারকে।  সাকিবের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিয়মিত অধিনায়ক ফিরলে স্বাভাবিকভাবেই দলের দায়িত্বটা সাকিবের কাঁধেই চলে আসবে।


No comments

Powered by Blogger.